নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে পাক সেনা। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পঞ্জাব ও জম্মুর সীমান্ত লাগোয়া এলাকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এর ফলে কমপক্ষে ১৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সকালের দিকে বিশেষ ট্রেন চালানো হবে। শনিবার (১০ মে) ভারতীয় রেলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সকাল কিংবা দিনের বেলায় যে সব ট্রেন চলছে তা যথারীতি চালু থাকবে। দুই দেশের মধ্যে উত্তেজনা না কমা পর্যন্ত রাতের ট্রেন বাতিল থাকছে।’
পহেলগাঁও কাণ্ডের জেরে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অতর্কিতে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ৯টি এলাকায় একাধিক জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ হারিয়েছে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ সহ একাধিক জঙ্গি সংগঠনের কুখ্যাত সন্ত্রাসীরা। দীর্ঘদিন ধরে লালন-পালন করে আসা সন্ত্রাসীদের মৃত্যুর বদলা নিতে গত ৭২ ঘন্টা ধরে সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে লাগাতার ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনা। অমৃতসর, জম্মু, পাঠানকোট, ফিরোজপুর, হোশিয়ারপুরে লাগাতা হামলা চালানো হচ্ছে। যদিও ওই হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবু কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় রেলের শীর্ষ কর্তারা। তাই সীমান্তে রাতের বেলায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রেলের এক মুখপাত্র জানিয়েছেন, রাতে যে সমস্ত ট্রেন অমৃতসর, জম্মু ও ফিরোজপুরে পৌঁছত, এখন থেকে সেই সব গাড়ি সকালে পৌঁছবে। দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল করা হলেও ম দূরপল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেই বিমানবন্দর বন্ধ থাকায় উধমপুর ও জম্মুর মধ্যে বিশষ ট্রে চালনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।