পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : “কু ঝিক ঝিক ঝিক ঝিক!” এই আওয়াজ শুনলেই আট থেকে আশির সকলেই স্মৃতিমেদুর হয়ে পড়েন। হয়তো এমন মানুষ খুব কমই আছেন, যাদের ট্রেনের হর্ন শুনতে ভাল লাগে না। রাতের বেলায় দূর থেকে ভেসে আসা ট্রেনের হর্ন শুনে অনেকেই আবার ভাব জগতে পৌঁছে যান। আবার, স্টেশনে হঠাৎ ট্রেনের কান ফাটানো হর্নে কান চাপা দিতে বাধ্য হন বহু মানুষ। তবে, ট্রেন চলাকালীন ট্রেন চালকদের নানান রকমের হর্ন বাজাতে শোনা যায়। কখনও লোকো পাইলটরা ছোট্ট করে হর্ন বাজান বা, কখনও আবার লম্বা হর্ন। কিংবা কখনও তাদের ছোট বড় মেশানো হর্ন দিতে শোনা যায়। তাই বলে তারা তাদের ইচ্ছে মত এমন হর্ন বাজাচ্ছেন ভাবলে সেটা কিন্তু মস্ত বড় ভুল করা হবে। জেনে রাখা দরকার যে, লোকো পাইলটরা মূলত ভিন্ন ভিন্ন ভাবে হর্ন বাজান বিভিন্ন ইঙ্গিত দেওয়ার অভিপ্রায়ে। চলুন, জেনে নেওয়া যাক ট্রেনে বিভিন্ন রকমের হর্ন বাজানোর বিস্তারিত বিশ্লেষণ :
- ওয়ান শর্ট হর্ন : এটি একবার সামান্য সময়ের জন্য বাজানো হয়। এর অর্থ, ট্রেন সাফাইয়ের জন্য লোকো শেড বা কার শেডে যাবে। হাওড়া, শিয়ালদহ-র মতো বড় স্টেশনে এই হর্ন প্রায়শই শোনা যায়। যে সব ট্রেন কারশেড-এ যাবে, সেগুলিতে এটি বাজানো হয়।
- টু শর্ট হর্ন : পর পর দু’টো কম সময়ের হর্ন। এই ভাবে হর্ন বাজানোটা প্রায়শই শোনা যায়, কিন্তু অনেকেই খেয়াল করেন না, ট্রেন ছাড়ার সময়ে এমন ভাবে বাজানো হয়। এই হর্ন বাজিয়ে লোকোপাইলট গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।
- থ্রি শর্ট হর্ন : পর পর তিনটি ছোট হর্ন। এই হর্নটি বিপদের সঙ্কেত দেয়। চালক অর্থাৎ লোকো পাইলট কোনও ভাবে ট্রেনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তখন এমন হর্ন বাজান। এটা বাজলে গার্ড বুঝতে পারেন চালক ট্রেন থামাতে পারছেন না। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।
- ফোর শর্ট হর্ন : চার বার ছোট করে হর্ন বাজানোর মানেও বিপদের সঙ্কেত। তবে এর অর্থ ট্রেনে এমন কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যাতে আর এগোনো সম্ভব নয়।
- ওয়ান লং, ওয়ান শর্ট হর্ন : একবার লম্বা করে বাজিয়েই একটা ছোট্ট হর্ন। এমন ভাবে হর্ন বাজিয়ে চালক অর্থাৎ লোকো পাইলট গার্ডকে নির্দেশ পাঠান। ট্রেন চালু করার আগে এই হর্ন শুনে গার্ড ব্রেক পাইপ সিস্টেম চালু করেন।
- টু লং, টু শর্ট হর্ন : দু’বার লম্বা হর্ন বাজিয়ে একটা ছোট হর্ন দিয়ে চালক গার্ডকে ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে নির্দেশ দেন।
- টানা হর্ন : এই রকমের টানা হর্ন দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রেই বেশি শোনা যায়। আবার গ্যালপিং লোকাল ট্রেনের ক্ষেত্রেও এটা শোনা যায়। এর অর্থ ট্রেনটি পরপর বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াবে না।
- থেমে থেমে দু’টি হর্ন : এই হর্নের শব্দ বিশেষত শোনা যায়, যখন ট্রেন কোনও রেলওয়ে ক্রসিং পার করে।
- দু’টি লং ও একটি শর্ট হর্ন : এমন ধরনের হর্নের মানে ট্রেনটি ট্র্যাক বা লাইন চেঞ্জ করছে।
- দু’টি শর্ট ও একটি লং হর্ন : প্রথমে দু’টি ছোট করে হর্ন বাজিয়ে একটা লম্বা হর্ন । এটা বাজলেই বুঝতে হবে কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করছেন বা গার্ড ভ্যাকিউম ব্রেক ব্যবহার করেছেন।
- ছ’টি শর্ট হর্ন : পর পর ছ’টি ছোটো ছোটো হর্ন বাজানোর অর্থ কোনো বড় বিপদ। এটা চালকরা আপৎকালীন পরিস্থিতিতে বাজিয়ে থাকেন। এই হর্নের মাধ্যমে গার্ড এবং যাত্রীদের সতর্ক করেন লোকোপাইলট ।