নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ৫ সেপ্টেম্বর। আর সেই দিন সিবিআইকে ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে ।
এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে হয় আরজি কর মামলার শুনানি। প্রথমেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসকদের আশ্বাস দেন,” আমরা দেখব যাতে আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা না হয়। আপনারা কাজে যোগ দিন।” পাশাপাশি রাজ্যকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
শুধু তাই নয় এদিন সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে। প্রধান বিচাপতি বলেন, ” সকাল সাড়ে ৯টায় দেহ উদ্ধার হয়। আর রাত সাড়ে ১১টায় এফআইআর দায়ের হয়। প্রায় ১৪ ঘণ্টা পরে এফআইআর! কেন ১৪ ঘণ্টা দেরিতে এফআইআর দায়ের হল? ” এদিন এসব প্রশ্নই জিজ্ঞাসা করল সুপ্রিম কোর্ট।
এদিন শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আরজি কর কাণ্ড নিয়ে করা যাবে না কোন রাজনীতি। তবে কেউ যদি শান্তিপূর্ণভাবে কোন প্রতিবাদ করে তাহলে বাধা দিতে পারবে না রাজ্য সরকার। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আইন নিজের পথে চলবে। আমরা বলে দিয়েছি শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না।” সেই সঙ্গে এমসের চিকিৎসকদের কাজে ফেরার জন্য আর্জি জানান প্রধান বিচারপতি।