নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই আবহে স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন,’ মহিলাদের ওপর অত্যাচার আমাদের আরো গম্ভীরভাবে নিতে হবে। এর বিরুদ্ধে গোটা দেশে প্রতিবাদ চলছে। আমি নিজেও সেই ক্ষোভ বুঝতে পারছি।‘
রাজ্য সরকারের উদ্দেশ্যে মোদি বলেন,’ দেশের রাজ্য সরকার গুলিকে এটাকে গম্ভীরভাবে দেখতে হবে। দ্রুত তদন্ত এবং যারা এই ধরনের কাজ করছে তাদের কঠিনতম সাজা দিতে হবে। যখন ধর্ষণ কিংবা নারী নির্যাতনের মত ঘটনা ঘটে, তখন সেটা নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এমন নারকীয় ঘটনা করা ব্যক্তিদের যখন সাজা দেওয়া হয়, তখন সেটা নিয়ে তেমন আলোচনা করা হয় না। এই ধরনের আলোচনার প্রয়োজন কারণ তাহলে মানুষ বুঝতে পারবে এমন কাজ করলে ফাঁসি হবে। আমার মনে হয় এই ভয় ধরানো প্রয়োজন।‘
উল্লেখ্য, গত বুধবার রাতে ‘মেয়ের রাস্তা দখল’ কর্মসূচির মাঝেই উত্তেজনা ছড়ায় আর জি কর হাসপাতাল চত্বরে৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও৷ এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দেওয়ার সময় নরেন্দ্র মোদির কথায় উঠে আসে নারী সুরক্ষার প্রসঙ্গও৷