নিজস্ব সংবাদদাতা : প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের জন্য সুখবর। এখন থেকে পিপিএফ অ্যাকাউন্টে এবার থেকে নমিনির তথ্য পরিবর্তন করার জন্য আর দিতে হবে না কোনও ফি। পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই সুখবর শুনিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
পিপিএফ অ্যাকাউন্টে নমিনি হিসাবে কারও নাম যুক্ত করা, বাদ দেওয়া বা অন্য কোনও পরিবর্তন করতে পারবেন বিনামূল্যেই। গভর্মেন্ট সেভিংস প্রোমোশন জেনারেল রুলস, ২০১৮-তে গেজ়েট নোটিফিকেশনের মাধ্যমে এই নিয়মে আপডেট করা হয়েছে।
প্রভিডেন্ট ফান্ড হোল্ডারদের পাশাপাশি আরও সুখবর শুনিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলা হয়েছে, সুবিধা পাবে সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিম এবং অন্যান্য স্মল সেভিংস স্কিম। এই স্কিমগুলোর ক্ষেত্রেও এখন থেকে নমিনি পরিবর্তনের জন্য কোনও চার্জ দিতে হবে না। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডল থেকে গেজ়েট নোটিফিকেশনের ছবি পোস্ট করে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, পিপিএফ অ্যাকাউন্টে নমিনি বদল করা বা নমিনির তথ্য আপডেট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ফি দাবি করছে বলে তিনি জানতে পেরেছেন। এই চার্জ তুলে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম ২০১৮ আইনে সংশোধন করা হয়েছে। এবার থেকে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির বিশদ বিবরণ আপডেট করার জন্য আর কোনও চার্জ দিতে হবে না।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকার কর্তৃক পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে নমিনি বাতিল করার জন্য ৫০ টাকা করে ফি ধার্য করা হত। সেই ফি এবার বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সম্প্রতি পাশ হওয়া ব্যাঙ্কিং সংশোধনী বিল ২০২৫-এর অধীনে আমানতকারীদের অর্থ নিরাপদে গচ্ছিত রাখতে এক জনের বেশি মানুষকে নমিনি হিসেবে রাখতে পারবেন। সর্বোচ্চ চার জনকে নমিনি হিসাবে যুক্ত করতে পারবেন।