নিজস্ব প্রতিনিধি: নয়া ফৌজদারি আইনে এবার এফআইআর দায়ের হল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাথরস ঘটনা প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মাকে লক্ষ্য করে কটাক্ষ করেছিলেন তিনি। ওই মন্তব্যের জন্যই এফআইআর দায়ের হয়েছে মহুয়ার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওটিতে দেখা গিয়েছে, হাথরাসে পদপিষ্টের ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তার মাথায় একজন ছাতা ধরে রয়েছে। এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে একটি মন্তব্য পোস্ট করেন মহুয়া। সেখানে পাজামার প্রসঙ্গ তোলা হয়েছে। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দিয়েছিলেন মহুয়া।
তবে মহুয়ার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। দিল্লি পুলিশের কাছে রেখা আর্জি জানান যেন এখনই এই ঘটনায় মহুয়াকে গ্রেফতার করা হয়। যদিও এর পাল্টা উত্তর দিতে দেরি করেননি মহুয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ‘দিল্লি পুলিশ আসতেই পারে। আমাকে গ্রেফতার করতেই পারে। আমি এখন নদিয়ায় আছি। খুব তাড়াতাড়ি আমাকে গ্রেফতার করতে তিন দিন সময় লাগবে।‘ একইসঙ্গে রেখা শর্মাকে উদ্দেশ্য করে তিনি জানান, তিনি নিজেই তাঁর মাথায় ছাতা ধরতে পারেন। কারো প্রয়োজন নেই। উল্লেখ্য, এর আগেও মহুয়াকে বিতর্কে জড়াতে দেখা গিয়েছিল। মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল। আদানি গোষ্ঠীকে নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন তিনি। এর জন্য তাঁর সাংসদ পদ খারিজ পর্যন্ত হয়েছিল।