জম্মুতে লাফিয়ে বাড়ছে মৃত্যু, সম্পূর্ণ ধসে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা, নিহত অন্তত ৩৫

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: গত কয়েকদিন ধরে জম্মুতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ চলছে। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ। ধস নামার ফলে এই যাত্রাপথে আটকে পড়েছেন একাধিক পূণ্যার্থী। এই ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধসের নীচে অনেকেই আটকে রয়েছেন বলে মনে করছেন উদ্ধারকারী দল। তৎপরতার সঙ্গে এই ধসের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। বৈষ্ণোদেবীর যাত্রাপথের পাশাপাশি ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গাতেও ধস নেমেছে। আর এর ফলেই রাস্তাঘাট বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

 

জম্মুর ডোডায় মেঘ ভাঙা বৃষ্টির পর যেন ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয়দের অসুবিধা হচ্ছে। বৃষ্টিপাতজনিত ঘটনায় এই অঞ্চলে কমপক্ষে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে যাত্রা পথে এক বিশাল ভূমিধসের ঘটনায় ৩২ জন মাতা বৈষ্ণো দেবী তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন দুপুরে আধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে আচমকা ধস নামে। পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন পুণ্যার্থীরা। শুরু হয় হুড়োহুড়ি। ধসের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন। বড়সড় দুর্ঘটনা এড়াতে বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।

 

গত ২৪ ঘন্টায় জম্মুতে ৩৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ১১৫ বছরের মধ্যে ২৪ ঘন্টায় একনাগাড়ে এত বৃষ্টিপাতের রেকর্ড আর নেই। এসডিআরএফ, এনডিআরএফ, আধাসামরিক বাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুরোদমে। ভারী বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। জম্মুতে অবিরাম বৃষ্টিপাতের কারণে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উদ্বেগ প্রকাশ করেছেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। শুধুমাত্র জিও ছাড়া আর কোনও পরিষেবা পাওয়া যাচ্ছে না। ২০১৪ এবং ২০১৯ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা ফিরে ফিরে আসছে মনে। ২৭ অগস্ট অর্থাৎ আজ বুধবার পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল।

 

মঙ্গলবার যোগাযোগ মন্ত্রক টেলিকম অপারেটরদের জম্মু ও কাশ্মীরে ইন্ট্রা সার্কেল রোমিং (আইসিআর) সক্রিয় করার নির্দেশ দিয়েছে যাতে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। চেনাব এবং তাউই সহ এই অঞ্চলের প্রায় সব নদীই বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার জম্মুর ভগবতী নগরে চতুর্থ তাউই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। বেশ কয়েকটি গাড়ি নদীতে পড়ে যায়। সেতু ধসের দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আধকুয়ারির কাছে মাতা বৈষ্ণোদেবী মন্দির রুটে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য বুধবার ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে একটি আইএএফ সি-১৩০ বিমান জম্মুতে পৌঁছেছে। বৈষ্ণোদেবী রুটে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জম্মুর নিম্নাঞ্চলীয় বন্যা কবলিত এলাকা থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, একাধিক ভূমিধসের কারণে জম্মু-শ্রীনগর এবং কিশতোয়ার-ডোডা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ভূমিধস বা আকস্মিক বন্যায় কয়েক ডজন পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈষ্ণোদেবীর পথে ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০, আটকে বহু

জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]