নিজস্ব প্রতিনিধিঃ ‘ এক দেশ এক ভোট’ পাশ হয়ে গিয়েছে মোদির মন্ত্রীসভায়। তা নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের একাংশ। আর এবার ‘ এক দেশ এক ভোট’ নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়ামের ( Makkal Needhi Maiam) প্রতিষ্ঠাতা কমল হাসান। শনিবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা বলেন, ‘এক দেশ, এক নির্বাচন প্রস্তাবটি বিপজ্জনক। শুধু তাই নয় এটি ত্রুটিপূর্ণ। ভারতের জন্য এর কোন প্রয়োজন নেই।‘
শুধু তাই নয় কমল হাসান কোন নেতার নাম না করেই বলেন, ‘ যদি ২০১৪ বা ২০১৫ সালে একসঙ্গে নির্বাচন হত, তাহলে একনায়কতন্ত্র হত, বাক স্বাধীনতা খর্ব হত। পাশাপাশি এই এক দেশ এক ভোট ছিল না বলেই করোনার মত মহামারির হাত থেকে রক্ষা পেয়েছি।‘ একথায় বলা যায়, মোদি সরকারের এই নির্বাচন প্রক্রিয়াকে একেবারেই গ্রহণ করতে নারাজ কমল হাসান।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই ‘এক দেশ, এক ভোট ‘-র বিষয়টি উত্থাপন করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বিরোধীতা করেছে কংগ্রেস-সহ ১৫টি দল। তাদের দাবি, নির্বাচনের এই পন্থা আমেরিকার কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। আর এবার ‘এক দেশ এক ভোটের’ বিরোধীতা করলেন অভিনেতা কমল হাসান।