নিজস্ব প্রতিনিধি: কমবয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সী হিরোদের রোমান্স, প্রথম নয়! বিনোদন জগতে এই ট্রেন্ডিং চলছে যুগ যুগ ধরেই। সে কারণে ব্যাপক ট্রোলের শিকারও হন খ্যাতনামা হিরোরা। কিন্তু জনপ্রিয়তা কুড়নোর লোভে নির্মাতাদের এমন কর্মকাণ্ড মাঝে মধ্যেই বিতর্কের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সমালোচিত হন হিরোরাও। যাঁরা পর্দায় হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোমান্স করেন। যদিও পর্দায় ছোট বয়সী নায়িকাদের সঙ্গে অভিনয় করতে চান না, এমন হিরোর উদাহরণও রয়েছে। যাঁরা সমবয়সী নায়িকা ছাড়া পর্দায় রোমান্স করতে রাজি হন না।
সম্প্রতি দক্ষিণী সুপারস্টার কমল হাসানের সঙ্গে তৃষা কৃষ্ণনের একটি রোমান্টিক দৃশ্য ঘিরে তোলপাড় শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সদ্য প্রকাশিত হয়েছে কমল হাসানের বহু প্রতীক্ষিত ‘দ্য থাগ লাইফ’-এর ট্রেলার। যা ভক্তদের কাছে অনেক প্রশংসা পেয়েছে, পাশাপাশি দুর্নামও কুড়িয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন কিংবদন্তি পরিচালক মণি রত্নম। ছবিতে কমল হাসানের নায়িকা হয়েছেন তৃষা কৃষ্ণন এবং অভিরামি। ট্রেলারটি বেশ অ্যাকশনে ভরপুর। কিন্তু তার মধ্যেই দুটি দৃশ্য দর্শকদের অবাক করেছে। কারণ একটি দৃশ্যে দেখা গিয়েছিল, ৭০ বছর বয়সী কমল হাসান, ২৮ বছর বয়সী অভিরামির সঙ্গে ঠোঁটে ঠোট রেখে চুম্বন করছেন। অন্য একটি দৃশ্যে তৃষা কৃষ্ণনের সঙ্গে তাঁকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হতেই মুখ খুলেছেন তৃষা।
৩০ বছরের বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও কমল হাসানের সঙ্গে রোমান্স নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে ছবিটির মুক্তির পূর্ববর্তী অনুষ্ঠানে তৃষা এ বিষয়ে বলেছেন যে, তিনি জানতেন যে কমল হাসানের সঙ্গে রোমান্সে তাঁকে অনেক কটাক্ষ শুনতে হবে। তবুও তিনি বিশ্বাস করেছিলেন যে কমল হাসানের সঙ্গে তাঁর অনলাইন রসায়ন জাদুকরী হবে। মণি রত্নমের ‘থাগ লাইফ’ ২০২৫ সালের ৫ জুন মুক্তি পাবে। পাশাপাশি ছবিতে তাঁর আইটেম ডান্স নিয়েও তৃষা কৃষ্ণন অনেক নেতিবাচক প্রতিক্রিয়ার পেয়েছেন। ইন্টারনেট ব্যবহারকারীরা ৪০-এর দশকের একজন অভিনেত্রীকে অনুপযুক্ত শিরোনামের গানে নাচতে দেখে খুশি হননি।