নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গর্ত থেক বের হচ্ছে একের পর এক পাকিস্তানি গুপ্তচর। এবার অপারেশন সিঁদুরের সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাত তুলে দেওয়ার অভিযোগে নৌসেনার সদর দফতরের এক কর্মীকে গ্রেফতার করেছেন রাজস্থান পুলিশের গোয়েন্দারা। ধৃতের নাম বিশাল যাদব। সে হরিয়ানার বাসিন্দা।
রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্ত জানিয়েছেন, পাকিস্তানের হয়ে গুপ্তচরগিরির অপরাধে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তাদের জেরা করে বিশালের নাম পাওয়া যায়। পহেলগাঁও হামলার বদলা নিতে যখন অপারেশন সিঁদুর পরিচালনা করা হয়েছিল, তখন টাকার বিনিময়ে পাকিস্তানি এক মহিলা এজেন্টকে নৌসেনা-সহ প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিয়েছিল বিশাল যাদব। প্রিয়া শর্মা নামধারী ওই পাক মহিলা এজেন্টের সঙ্গে সমাজমাধ্যমে প্রথমে যোগাযোগ হয়েছিল বিশালের। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা গভীর হয়। গগত কয়েক বছর ধরেই প্রিয়া শর্মার হাতে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিয়েছিল বিশাল। অপারেশন সিঁদুরের সময় নৌবাহিনীর গতিবিধি সহ আরও একাধিক গোপন তথ্য প্রিয়ার হাতে তুলে দিয়েছিল।
জেরার মুখে বিশাল জানিয়েছে, সে অনলাইন গেমসের প্রতি আসক্ত ছিল। অনলাইন গেমসের পাল্লায় পড়ে প্রচুর টাকা খুঁইয়েছিল। ওই বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি কীভাবে সামলে উঠবে তা নিয়ে যখন দুঃশ্চিন্তায় রাতের ঘুম উবেছিল তখনই সমাজমাধ্যমে পাক গুপ্তচর প্রিয়া শর্মার সঙ্গে পরিচয় হয়। নৌসেনার গোপন তথ্য তুলে দেওয়ার বিনিময়ে মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখায়। সেই লোভ সামলাতে পারেনি। অপারেশন সিঁদুরের সময়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছিল। ওই কাজের জন্য ক্রিপ্টোকারেন্সি ও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পেয়েছিল।