নিজস্ব প্রতিনিধিঃ বেঙ্গালুরুর পিজিতে তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত। শনিবার মধ্যপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। একথা জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তদন্তের জন্য বেঙ্গালুরুতে আনা হচ্ছে।
মঙ্গলবার ( ২৩ জুলাই ) বেঙ্গালুরুর কোরমঙ্গলার একটি পিজিতে ঘটে এই হত্যাকাণ্ড। মৃত তরুণী হলেন বছর ২৪-এর কৃতী কুমারী। ওই দিন গভীর রাতে পিজিতে পৌঁছে ওই তরুণীকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল এক অজ্ঞাতপরিচয় যুবক। এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পিজিতে আসে পুলিশ। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে খুঁজতে শুরু হয় তল্লাশি।
পুলিশের তরফে প্রকাশিত হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত কৃতী কুমারী পিজির দরজায় কড়া নাড়ছে। দরজা খোলার পরেই ওই তরুণীকে আক্রমণ করা শুরু করে অভিযুক্ত। প্রথমে করিডর ধরে কৃতীকে বারান্দার এক কোণে টেনে এনে তাঁর ঘাড়ে নৃশংসভাবে ছুরির কোপ মারে। এরপর ছুরি দিয়ে কৃতীর বুকে আঘাত করে। এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালিয়ে যায়। অবশেষে শনিবার গ্রেফতার হয়েছে অভিযুক্ত। এই ঘটনার জেরে পিজির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।