নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় সম্বর্ধনা উৎসব পরিণত হল মর্মান্তিক শোকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, আহত হয়েছে ৪৭ জন। আজ বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্ট হবে বেঙ্গালুরুতে পদদলিত মামলার শুনানি। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জয় উদযাপনের সময় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।
কর্ণাটক হাইকোর্ট নিজেই মামলাটি গ্রহণ করেছে। সেটির শুনানি হবে বৃহস্পতিবার বিকেলে। মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে এটিকে ‘অপ্রত্যাশিত ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। পাশাপাশি নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
সিদ্দারামাইয়ার কথায়, “কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (স্টেডিয়ামে) জয় উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সরকারের পক্ষ থেকেও (বিধান সৌধে) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বড় দুর্ঘটনা ঘটে যায়। প্রচন্ড ভিড়ে পদদলিত হয়ে ১১ জন নিহত হন।”
মঙ্গলবার আহমেদাবাদে ফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ রানে জয় পেয়ে আরসিবি প্রথম বারের জন্য আইপিএল বিজয়ী হয়েছে। ১৮ বছরের খরা কেটেছে তাদের। এর আগে তিনবার রানার্স আপ হয়েছিল তারা।
প্রত্যক্ষ্যদর্শীদের মতে, উদযাপনের সময় স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে হঠাৎ করেই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তার ফলে দেখা দেয় বিশৃঙ্খলা। বহু মানুষ পিষ্ট হন। অসংখ্য আহত হন।
তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার নেপথ্যে আয়োজকদের অবহেলা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন গোটা বিষয়টির তদন্ত করছে।