নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তারা। ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই আবহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার কথা বলে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে আশ্বাস দেন,’ আমরা দেখব যাতে আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা না হয়। আপনারা কাজে যোগ দিন।‘
পাশাপাশি বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘চিকিৎসকরা কাজ না করলে চিকিৎসা ব্যবস্থা চলবে কী করে? যদি কোন অসুবিধা হয় তাহলে প্রথমে রিপোর্ট জমা করে আমাদের কাছে আসুন।‘ বর্তমানে সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ড নিয়ে সিবিআইয়ের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টগুলি খতিয়ে দেখা শুরু করেছে।
অন্যদিকে এদিন শুনানির সময় চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতির কাছে জানান, ‘হাসপাতালে এখনও ভয়ের পরিবেশ রয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। ‘ আর এই বক্তব্য শোনার পরেই প্রধান বিচারপতি বলেন,’ কে এমন করছেন? তাঁর নাম আমাদের দিন।‘ পাশাপাশি নির্যাতিতার ৩৬ ঘণ্টা টানা ডিউটি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এদিন আরজি কর মামলার শুনানির সময় ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।