নিজস্ব প্রতিনিধি: আবারও মর্মান্তিক ঘটনার সাক্ষী যোগী রাজ্য উত্তরপ্রদেশ(Uttarpradesh)। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন এএনআই সাংবাদিক(Journalist Murder Case) দিলীপ সাইনি। ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলার ভিটোরা রোডে অবস্থিত বিশৌলি এলাকায়। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে শাহিদ নামক আরেক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে শাহিদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ ফেরা হলনা বাড়ি, ভূত চতুর্দশীর রাতেই পাঁশকুড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত ৩
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাংবাদিক বিশৌলির বাসিন্দা। ফতেপুর এবং লখনউ শহরে বেশ কিছু বিষয় সম্পত্তির মালিকানা ছিল দিলীপের অধীনে। দুর্ঘটনার সময় বুধবার রাতে নিজের ঘনিষ্ঠ বন্ধু শাহিদের সঙ্গে বাড়িতেই ছিলেন তিনি। তখনই প্রায় ১৬ জনেরও বেশি আগন্তুক মিলে তাঁর বাড়িতে হামলা চালায়। আততায়ীরা ছুরি দিয়ে শাহিদ এবং দিলীপ উভয়কেই আক্রমণ করে। তবে বেশি জখম হন দিলীপ। উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দিলীপকে মৃত বলে ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থা শাহিদেরও।
আরও পড়ুনঃ সতর্ক হোন, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, শুক্র থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
ছুরি দিয়ে দুজনকে জখম করার পর তড়িঘড়ি ঘটনাস্থল ত্যাগ করে ওই আততায়ীর দল। যাওয়ার সময় বাড়ির বাইরে রাখা গাড়িগুলিতেও ভাঙচুর চালায় ওই দুষ্কৃতীরা। পুলিশ ইতিমধ্যেই ১৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে, যার মধ্যে নয়জন দিলীপের পরিচিত এবং বাকি সাতজনকে দুই বন্ধুর মধ্যে কেউই চিনতেন না। স্থানীয় পুলিশ আধিকারিক সুশীল দুবে জানান, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারের প্রচেষ্টা চলছে। খুনের নেপথ্যে কাদের হাত রয়েছে তা জানার জন্য তদন্তে নেমেছে পুলিশ।