নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: দেরাদুনের ক্লেমেনটাউন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় মহিলাকে গ্রেফতার করেছে। অভিযোগ, এরা প্রত্যেকেই অবৈধ ভাবে ভারতে বসবাস করছিল। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। পুলিশ চারজন নাবালককে নিজেদের অধীনে রয়েছে। তদন্তে অনেক জাল নথিও উদ্ধার করা হয়েছে।
১৭ মে দেরাদুনের সিনিয়র পুলিশ সুপারের (এসএসপি) কাছে গোপন তথ্য আসে যে কিছু বাংলাদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়াই ক্লেমেনটাউন এলাকায় বসবাস করছেন। তৎক্ষণাৎ এসএসপি এসওজি দেরাদুন, এলআইইউ দেরাদুন এবং ক্লেমেনটাউন থানার পুলিশকে নিয়ে একটি দল গঠন করেন। সেই দলটিই অভিযান চালিয়ে সাতজন প্রাপ্তবয়স্ক এবং চারজন নাবালককে আটক করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৫ জন বাংলাদেশি নাগরিক। তাঁদের নাম নির্মল রায়, শেম রায়, লিপি রায়, কৃষ্ণ ওরফে সন্তোষ এবং মুনির চন্দ্র রায়। তাঁদের সঙ্গে ছিলেন পূজা রানি নামে এক ভারতীয় মহিলা। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে, এই সকল ব্যক্তি অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন।
পুলিশি অভিযানে মুনির চন্দ্র রাইয়ের কাছ থেকে পাটনা (বিহার) এবং পশ্চিমবঙ্গের নামে তৈরি দুটি জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। কৃষ্ণ ওরফে সন্তোষ এবং নির্মল রায়ের কাছে বাংলাদেশি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে পূজা রানি ওই বাংলাদেশি নাগরিকদের এদেশে আশ্রয়লাভে সাহায্য করেছিলেন।
চারজন নাবালক বাংলাদেশি শিশুকে পুলিশ সাময়িক সুরক্ষায় নিয়েছে। শিশু কল্যাণ কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সকল অভিযুক্তের বিরুদ্ধে ক্লেমেনটাউন থানায় মামলা দায়ের করেছে।