নিজস্ব প্রতিবেদন, মহারাষ্ট্র: দেশে কোভিড আবার ফিরে আসছে। ফলে ভয়ও ফিরছে কম বেশি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সোমবার নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন। রবিবার সিন্ধুদুর্গ এবং ডোম্বিভলির বাসিন্দা দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুখে মুখে খবর ছড়ায় কোভিডের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। বিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের দুজনের খিঁচুনি ও ক্যান্সার ছিল। সেই কারণেই দুই মহিলা মারা যান। কোভিডের কারণে তাঁদের মৃত্যু হয়নি। বিএমসি কর্তৃপক্ষ স্পষ্টই বলেছে, “কোভিড-১৯ এখন খুব সাধারণ একটি সমস্যা। এই স্বাস্থ্য সমস্যা চলবেই।”
তারা আরও বলেছে, সাম্প্রতিক সময়ে সিঙ্গাপুর, হংকং, পূর্ব এশিয়া এবং অন্যান্য দেশে কোভিড-১৯ এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য ক্রমাগত নজরদারি করছে। তারা এক বিবৃতি মারফত জানিয়েছে, “চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা খুবই কম ছিল। মে মাস থেকে কিছু রোগী দেখা গিয়েছে। তবে বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করা হচ্ছে।”
বিএমসি থেকে কোভিডের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, “COVID-19 এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি (শুষ্ক বা কফ সহ), গলা ব্যথা, ক্লান্তি, গাঁটে গাঁটে ব্যথা, মাথাব্যথা। এছাড়াও সর্দি, স্বাদ বা গন্ধ হ্রাসও হয়। এই লক্ষণগুলি প্রায়শই সাধারণ সর্দি-কাশির মতো হতে পারে, এছাড়া শ্বাসকষ্টও হতে পারে।” পাশাপাশি তারা জানিয়েছে কিছু সতর্কতা অবলম্বন করলে কোভিডকে রুখে দেওয়া সম্ভব। তাই যাদের পরিবারে ক্যান্সার বা ডায়াবেটিক রোগী রয়েছে তাঁদের অবশ্যই সচেতন থাকা উচিত।