নিজস্ব প্রতিনিধিঃ ৪৭ বছর পর বদলাতে চলেছে কংগ্রেসের নতুন সদর দপ্তর । মাঘ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে শুভ দিনক্ষণ দেখেই বুধবার উদ্বোধন হবে নতুন এই ভবনের । ছয় তলা কংগ্রেসের এই নতুন সদর দফতরের নাম হল ‘ইন্দিরা ভবন’ । ২৪ আকবর রোড থেকে অবশেষে দিল্লির কোটলা রোডে সরতে চলেছে কংগ্রেসের সদর দফতর ।
বুধবার নতুন ভবনের উদ্বোধন করবেন কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধি । সেইসঙ্গে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধি । এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের একাধিক শীর্ষ নেতারা । বলা বাহুল্য, নতুন সদর দফতরের উদ্বোধন হলেও পুরনো বাড়ি ২৪ আকবর রোড ছাড়বে না কংগ্রেস।
উল্লেখ্য, ছয় তলা কংগ্রেসের এই নতুন ভবনে প্রিয়াঙ্কা গান্ধি নিজের পচ্ছন্দ মতন এক একটি ঘরের সোফা, পর্দা, কার্পেট, চেয়ার, টেবিল, আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন। এই ভবনের সবচেয়ে উপরে রয়েছে কংগ্রেস সভাপতির ঘর। তার ডানদিকে রয়েছে সনিয়া গান্ধি এবং বাম দিকে রয়েছে রাহুল গান্ধির ঘর । পাঁচতলায় রয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদকের অফিস । চার তলায় আছে রাজ্যের ইনচার্জদের দপ্তর, তিন তলায় এআইসিসির সম্পাদকদের বসার ব্যবস্থা , দুতলায় সংখ্যালঘু, আইন বিভাগের চেয়ারম্যানদের অফিস। আর নতুন ভবনের একতলায় রয়েছে সাংবাদিকদের জন্য বসার জায়গা। একথায় বলা যায়, কর্পোরেট কালচারের রাজনীতিতে চলে এল কংগ্রেস। আর তা নিয়ে দলের মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন ।