নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টোল কর্মচারী গাড়ি চালকের কাছ থেকে টোল চেয়েছিলেন, পরিবর্তে তার উপর উঠে গেল গাড়ি। ঘটনাটি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বল্লারপুরের বিসাপুর টোল পোস্টের। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য।
তথ্য অনুযায়ী, রাত ১টা নাগাদ বল্লারপুর থেকে চন্দ্রপুরের দিকে আসা একটি টাটা এস গাড়ি টোল এড়াতে লাইন পার হয়। এই সময়, একজন টোল কর্মচারী চালককে থামতে বলেন। কিন্তু গাড়ি চালক গাড়ি থামাননি। উল্টে টোল সংগ্রহকারীর গায়ের উপর চলন্ত গাড়ি উঠিয়ে দেয়। যার ফলে ওই কর্মচারী গুরুতর আহত হন। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আহত টোল কর্মচারীর নাম সঞ্জয় অরুণ ভান্দ্রে। তার বয়স ২৭ বছর বলে জানা গেছে। সঞ্জয় বল্লারপুরের বিসাপুর টোলের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনার পর বল্লারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে যে চন্দ্রপুর জেলার বল্লারপুরের বিসাপুর টোল পোস্টে, টাটা এস-এর চালক টোল এড়াতে লাইন পার হচ্ছিল। এই সময়, সেখানে উপস্থিত কর্মচারী তাকে থামানোর চেষ্টা করলে, চালক তাঁর উপর দিয়ে চলে যান। এর ফলে কর্মচারী গুরুতর আহত হন। মামলার তদন্ত চলছে। অভিযুক্তকে শনাক্ত করার জন্য সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার একটি ভিডিও। সেটি দেখার পর থেকেই নেট জনতা আতঙ্কিত। তারা ভাবতেই পারছেন না নিজের কর্তব্য করতে গিয়ে টোল সংগ্রহকারীর এমন অবস্থা হতে পারে।