নিজস্ব প্রতিনিধি : বিহারে নিট কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়তে হল সিবিআই দলকে। জানা গিয়েছে, সিবিআইয়ের প্রতিনিধি দলটি যখন নাওয়াদা জেলায় যায়, তখন গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জানা যাচ্ছে, সিবিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা যখন নিট কেলেঙ্কারিতে ব্যবহৃত মোবাইল ফোন বাজেয়াপ্ত করতে গিয়েছিলেন, তখনই তাঁদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা।
মূল ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। বিহারের নাওয়াদা জেলার রজৌলি থানা এলাকায় কাশিয়াদি গ্রামে তল্লাশি অভিযানের যান সিবিআইয়ের আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকদের কাছে খবর ছিল, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ডে যারা জড়িত তাঁরা ওই এলাকারই বাসিন্দা। যে সব মোবাইল ফোন প্রশ্নফাঁসকাণ্ডে ব্যবহার করা হয়েছিল, সেই ফোন বাজেয়াপ্ত করার উদ্দেশ্যেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কিন্তু তল্লাশির অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয় তদন্তকারীদের। রীতিমতো লাঠিসোটা নিয়ে সিবিআই আধিকারিকদের মারধর করা হয়। গাড়িতেও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রজৌলি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে চার জন সিবিআই আধিকারিককে উদ্ধার করে নিয়ে যায়। চার জন সিবিআই আধিকারিকদের মধ্যে একজন মহিলা কনস্টেবলও ছিলেন।
গোটা ঘটনায় ২০০ জন অজ্ঞাতপরিচয় লোকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ধামাচাপা দেওয়ার জন্য এই তদন্ত চালানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবারই এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কেন্দ্র। এবার তদন্তের মুখেই হামলার হামলার মুখে পড়তে হল তদন্তকারী আধিকারিকদের।