নিজস্ব প্রতিনিধিঃ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের ডাকে গোটা দেশজুড়ে হতে চলেছে ব্যাঙ্ক ধর্মঘট। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে ধর্মঘট। তবে দুদিন ধর্মঘট থাকলেও পরিষেবা মিলবে চার দিন । কারণ, ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার তাই ওই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই সঙ্গে ২৩ তারিখ হল রবিবার । সব মিলিয়ে এরাজ্যে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা পাবেন না আমজনতারা । পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকায় দীর্ঘ সময়ে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
কী কী দাবিতে ডাকা হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট?
১) সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা।
২) ব্যাংকগুলোর সব ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ।
৩) ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে অর্থমন্ত্রক। এই জিনিস একেবারেই নিয়মবিরুদ্ধ। তারও জন্য প্রতিবাদ ।
৪) ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) কাছে যে বকেয়া রয়েছে তা দ্রুত সমাধান ।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন ইউনিয়ন জানিয়েছে, এক্সিকিউটিভ কমিটি আগামী মাসের ২৪-২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের প্রস্তাব দিয়েছে। এই দাবিগুলি না মানলে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বলা বাহুল্য, পরিসংখ্যান অনুসারে ২০১৭ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে মোট কর্মী ছিলেন ৮ লক্ষ ৫৭ হাজার ৮৪১ জন। ২০২৪ সালে সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৬ হাজার। এখান থেকেই স্পষ্ট যে দিন দিন কমছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির কর্মী সংখ্যা । তাই নিয়োগের দাবি তুলে এবার ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক কর্মীদের একাংশ ।