নিজস্ব প্রতিনিধিঃ গোটা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আর এই কারণে এদিন ব্যাহত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ধর্মঘটের জেরে বিশেষ করে এটিএম সেবা ব্যাহত হতে পারে। আর তাতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের দৈন্যন্দিন কাজকর্মও বাধার মুখে পড়তে চলেছে। ইতিমধ্যেই AIBEA সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটচালাম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন , ২৮ অগস্ট বুধবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কারণ, ব্যাঙ্ক কর্মীদের ইউনিয়ন AIBOC, NCBE, BEFI, AIBOA, INBOC, INBEF-এর উপর রাজনৈতিক আক্রমণের জন্য।‘
আজ কেন ব্যাঙ্ক ধর্মঘট?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ইউনিয়ন-কেরালার ২৩ তম দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য তেরো জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট জারি করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ঘটনার প্রতিবাদে ২৮ অগস্ট ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েশন (AIBEA) ।
ব্যাঙ্ক ধর্মঘটে কারা যোগ দেবে?
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন সহ আরও প্রায় পাঁচটি ব্যাঙ্ক ইউনিয়নের সদস্যরা।