নিজস্ব প্রতিনিধি : রামনবমী উপলক্ষ্যে অযোধ্যার রামমন্দিরে উৎসবের আমেজ। রামমন্দির উদ্বোধনের পর দ্বিতীয়বছর সেখানে অনুষ্ঠিত হচ্ছে রামনবমী। এদিন সকালেই সেখানে হয়েছে রামের সূর্যতিলক। প্রতিদিন বিশেষভাবে মন্দিরে পূজিত হন রামলালা। আজ তাঁর বিশেষ দিন। বিশেষভাবে তাঁকে পুজো করা হয়। কিন্তু জানেন অযোধ্যার রামমন্দিরের মূল পুরোহিতের বেতন কত? রামলালাকে পুজো করতে কত টাকা বা সুযোগ সুবিধা পান তিনি ? সম্প্রতি, মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের মৃত্যুর পর, পণ্ডিত মোহিত পান্ডেকে মন্দিরের নতুন প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করা হয়েছে। এখন তিনিই রামলালার নিত্য পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের দায়িত্ব সামলাচ্ছেন। রামনবমীর বিশেষ দিনে জেনে নিন, কত বেতন পান তিনি।
সূত্রের খবর, রাম মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত মোহিত পান্ডেকে ৩২ হাজার ৯০০ টাকা বেতন দেওয়া হয়। যেখানে সহকারি পুরোহিতরা ৩১ হাজার টাকা করে বেতন পান। আগে মূল পুরোহিতের বেতন ছিল ২৫ হাজার টাকা। যেখানে সহকারী পুরোহিতদের বেতন ছিল ২০ হাজার টাকা।
এখন ভাবতেই পারেন, অত বড় মন্দিরের প্রধান পুজারীর বেতন প্রায় ৩৩ হাজার টাকা। না সেটা নয়। শুধু বেতনই নয়, বেতন ছাড়াও পন্ডিত মোহিত পান্ডে বেশ কিছু সুযোগ সুবিধা পান। তার মধ্যে রয়েছে বাসস্থান, ভ্রমণ সুবিধা এবং ট্রাস্ট দ্বারা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ। এই সমস্ত কিছু তাঁকে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া হয়।
অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত মোহিত পান্ডে পুরোহিত পদের জন্য প্রয়োজনীয় বৈদিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছিলেন। সামবেদে অধ্যয়ন শেষ করে তিনি ভেঙ্কটেশ্বর বৈদিক বিশ্ববিদ্যালয় থেকে আচার্যের ডিগ্রিও লাভ করেন। মোহিত পান্ডে বহু বছর ধরে দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে ধর্ম ও আচার-অনুষ্ঠান নিয়ে গভীরভাবে অধ্যয়ন করেছেন।
২০২৪ সালে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করেছিলেন আচার্য সত্যেন্দ্র দাস। চলতি বছর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছে তাঁর। তাঁরই স্থলাভিষিক্ত হয়েছেন পণ্ডিত মোহিত পান্ডে।