নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: কংগ্রেসের দুঃসময় যেন কিছুতেই শেষ হচ্ছে না। ফের ভাঙন ধরতে চলছে শতাব্দী প্রাচীন দলে। এবার দল ছাড়তে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতত্বের সঙ্গে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক করেছেন শশী। কেরলে আগামী বছরের বিধানসভা ভোটে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হলে তিনি পদ্ম শিবিরে সামিল হবেন বলে শর্ত দিয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ। সেই শর্ত মেনে নিতে চলেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলবদলের ইঙ্গিত দিয়ে এদিনই মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা পীযূষ গোয়েলের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখের এক ছবিও পোস্ট করেছেন শশী। যদিও কংগ্রেস ছাড়ার বিষয়ে মুখ খোলেননি তিনি।
গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সঙ্গে দুরত্ব বাড়িয়ে চলেছেন তিরুঅনন্তপুরমের সাংসদ। দলের হাইকম্যান্ড যাতে তাকে তাড়িয়ে দেয় এবং তিনি রাজনেতিক শহীদের মর্যাদা নিয়ে বিজেপিতে সামিল হতে পারেন তার জন্য চেষ্টা করে চলেছেন তিনি। সম্প্রতি পিনরাই বিজয়নের নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শশী। দলের নেতা-কর্মীরা যখন সিপিএম সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন তখন তিরুঅনন্তপুরমের সাংসদের উল্টো সুরে চটেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দল থেকে না তাড়িয়ে বরং শশীকে গুরুত্বহীন করার পথেই হাঁটছেন মল্লিকার্জুন খাড়গে-রাহুল গান্ধিরা।
সূত্রের খবর, দলে কোনঠাসা হওয়ার পরেই বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে দলবদলের বার্তা পাঠিয়েছেন শশী। কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে পদ্ম শিবিরে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি শীর্ষ নেতৃত্বও শশীকে দলে নিতে ভীষণ আগ্রহী। তার কারণ, কেরলে দলকে দাঁড় করানোর মতো কোনও হেভিওয়েট নেতাকে ভিন দল থেকে টানতে পারেননি তাঁরা। হিন্দু ভোট ব্যাঙ্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে শিক্ষিত ও সুবক্তা শশী অনেকটাই অবদান রাখতে পারবেন বলে মনে করছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।