নিজস্ব প্রতিনিধিঃ সামনেই উত্তরপ্রদেশের নয়টি আসনে রয়েছে বিধানসভা উপনির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ভাঙন ধরল সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদবের পরিবারে । কারণ বিজেপি এবার অখিলেশের শ্যালক অনুজেশ যাদবকে মাইনপুরির করহাল আসন থেকে উপনির্বাচনে প্রার্থী করেছেন। বলা বাহুল্য, এই আসন থেকেই এসপি প্রধান অখিলেশ যাদব পদত্যাগ করেছিলেন।
অনুজেশ যাদব মুলায়ম পরিবারের জামাই। তিনি মুলায়ম সিং যাদবের ভাই অভয়রাম যাদবের মেয়ে সন্ধ্যা যাদবের স্বামী। তবে তাদেরকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হলে পরবর্তীতে দুজনেই যোগ দেন বিজেপিতে। আর এবার উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচন থেকে বিজেপির হয়ে লড়ছেন অনুজেশ যাদব। অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে মাইনপুরির করহাল আসন থেকে সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন অখিলেশ যাদবের ভাই তেজ প্রতাপ যাদব । এখান থেকেই স্পষ্ট যে, মাইনপুরি আসন নিয়ে অখিলেশের পরিবারের মধ্যেই শুরু হয়েছে প্রতিযোগীতা।
বলা বাহুল্য, অনুজেশ যাদবের পরিবার শুরু থেকেই রাজনীতিতে রয়েছে । তাঁর মা উর্মিলা যাদব সমাজবাদী পার্টির টিকিটে মইনপুরীর ঘিরর বিধানসভা আসন থেকে বিধায়ক হন। তবুও সমাজবাদী পার্টি থেকে অনুজেশকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি যোগ দেন বিজেপিতে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের নয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে রয়েছে বিজেপি গাজিয়াবাদ সদরে দলের মহানগর সভাপতি সঞ্জীব শর্মা এবং কুন্দারকিতে রামবীর সিং ঠাকুরকে নাম।