নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবের মোহালিতে শনিবার (২১ ডিসেম্বর) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বিশিষ্ট এক আবাসন। ধ্বংসস্তুপের ভিতর থেকে ২০ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড় রয়েছেন বলে আশঙ্কা। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বহুতল ভেঙে এক জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতার জন্য স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় মোহালির সাহিবজাদা অজিত সিংহ নগরের কাছে সোহানা গ্রামে একটি তিন তলা বাড়ি আচমকাই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ধ্বংসস্তুপের নিচ থেকে আর্ত চিৎকার ভেসে আসায় প্রথমে তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল কর্মী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বড় বড় কংক্রিটের চাঙড় সরাতে হিমশিম খেয়ে যান তারা। শেষ পর্যন্ত সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চাওয়া হয়। সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন।
গভীর রাতে ধ্বংসস্তুপের নিচ থেকে ২০ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তুপের নিচে আরও অন্তত ১৪ থেক্ব ১৫ জন চাপা পড়ে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। কী কারণে বহুতলটি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তা জানা যায়নি। মোহালির পুলিশ সুপার দীপক পারিখ জানিয়েছেন, কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হবে।