নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি ক্রিকেটমহলে বেশ কিছুদিন ধরেই ‘বৈভব সূর্যবংশী’ নামটি ঘুরপাক খাচ্ছে। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে দল পাওয়া এই বৈভব বারবার আলোচনায় জায়গা পেয়েছে। এই বৈভব এখন খেলছেন যুব এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব–১৯ দলে। এই টুর্নামেন্টে তিনি যেভাবে খেলছেন, তাতে পরিস্কার হয়ে গেল তাঁকে নিয়ে আলোচনাটা মোটেই বাড়াবাড়ি নয়। আর তাতেই চিন্তার মুখে বাংলাদেশ।
এদিকে এশিয়া কাপের ফাইনালে এই বৈভব–বাধা পার হতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে। এখন মনে হচ্ছে বাংলাদেশের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বৈভব। তিনি যে এশিয়া কাপে অনেক রান করেছেন এমন নয়, ৪ ম্যাচে ১৬৭। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ৭ নম্বরে। গতকাল সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। এর আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছেন ৪৬ বলে অপরাজিত ৭৬ রান, সেদিন ছক্কা মেরেছেন ৬টি। সব মিলিয়ে তাঁর স্ট্রাইক রেট ১৪৬, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
ভারতের আরেক ওপেনার আয়ুশও ভয়ংকর ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি ব্যাটিং করেছেন ১৪৩ স্ট্রাইক রেটে। এদিকে এখনও পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ দলের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন। দুজন নিয়েছেন ১০টি করে উইকেট।