নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নির্বাচন নিয়ে টালবাহানার মধ্যেই বাংলাদেশ একের পর এক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে শুরু করেছে। কয়েক দিন আগেই আত্মপ্রকাশ করেছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর আগামী শুক্রবার (৯ মে) আত্মপ্রকাশ করতে চলেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে আরও একটি দল। আজ সোমবার (৫ মে) নতুন দলের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ এ কথা জানিয়েছেন। ওই দিন দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমেই পথ চলা শুরু করবে নয়া দল।
নতুন রাজনৈতিক সংগঠনের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, ‘আপ বাংলাদেশের’ পথচলা শুরুর সন্ধিক্ষণে উপস্থিত থাকবেন জুলাই-অগস্টে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে নিহত ও আহত শহিদদের পরিবারের সদস্যরা। মূলত জুলাই বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়নই হচ্ছে নতুন দলের প্রধান লক্ষ্য। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে প্রধান অঙ্গীকার।
উল্লেখ্য, নতুন দলের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। কিন্তু যেভাবে জাতীয নাগরিক কমিটির সদস্যরা তোলাবাজি থেকে শুরু করে টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েছেন এবং মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছেন, তাতে বীতশ্রদ্ধ হয়ে সংগঠন থেকে ইস্তফা দিয়েছিলেন। গত মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণাও দিয়েছিলেন তিনি। গত কয়েকদিনে বাংলাদেশে এক ডজনের বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। যদিও অধিকাংশ দলই সাইনবোর্ড সর্বস্ব। কমিটির লোকজন ছাড়া আর কেউ নেই দলের সঙ্গে।