নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলনের ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্য গুন্ডা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা দেশ। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক বন্ধে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা-সহ দেশের সিংহভাগ শহর। আর এই অশান্তির আবহেই বাংলাদেশে অবস্থানকারী দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করল ভারতীয় দূতাবাস। চলাফেরার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিন ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশজুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সম্প্রদায় ও বাংলাদেশে বসবাসরত ভারতীয় ছাত্রদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি না করতে পরামর্শ দেওয়া হচ্ছে।’ বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় সম্প্রদায়ের কোনও জরুরি সহায়তার প্রয়োজন হলে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন ছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তাঁরা যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে। নিচে যোগাযোগের নম্বর উল্লেখ করা হল-
ভারতীয় হাইকমিশন, ঢাকা
+880-1937400591
ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম
+880-1814654797 / +880-1814654799
ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী
+880-1788148696
সহকারী ভারতীয় হাইকমিশন, সিলেট
+880-1313076411
ভারতের সহকারী হাইকমিশন, খুলনা
+880-1812817799
উল্লেখ্য, সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের ডাকা ‘সর্বাত্মক বন্ধে’ এদিনও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের গুন্ডাদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের বাস ও ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।