নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৫ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানায় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সঙ্গে সঙ্গেই সেই আর্জিতে সাড়া দিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি দেশত্যাগী প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে হাজিরের জন্য পুলিশের আইজিপি বাহারুল আলমকে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি একই মামলায় আরও ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ৫ অগস্ট সেনা অভ্যুথানের মুখে দেশ ছাড়তে হয় বঙ্গবন্ধু কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর দেশ ছাড়ার পরেই মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের নির্দেশে বাংলাদেশের বিভিন্ন থানায় দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের শুরু হয়। এখনও পর্যন্ত আড়াই শতাধিক মামলা দায়ের হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই খুন ও গুমের অভিযোগ আনা হয়েছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে। খুনের অভিযোগের প্রেক্ষিতে গত বছরের শেষের দিকে সেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছে মোল্লা ইউনূস সরকার। যদিও সেই চিঠির কোনও জবাব দেয়নি দিল্লি।
এদিন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুম মামলার শুনানিতে মুখ্য সরকারি আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত। এরপর তারা আর কোনও দিন ফিরে আসত না, অধিকাংশই ফিরে আসেনি। কেউ কেউ ফিরে আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে। অত্যাচারিতদের ন্যায় পাইয়ে দিতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তাই গ্রেফতারি পরোয়ানা জারি করার আর্জি জানাচ্ছি।’ সেই আর্জি মেনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন সেনা আধিকারিক তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ পুলিশের প্রাক্তন প্রধান বেনজির আহমেদ-সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।