নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রোদ পোহাতে রেললাইনের উপরে বসে মনের আনন্দে লুডো খেলছিলেন চার জন। কখন পিছনে সাক্ষাৎ মৃত্যুদুত হাজির হয়েছে টেরও পাননি। নিমিষেই চার জনের উপর থেকে চলে গেল ট্রেনের চাকা। দু’টুকরো হয়ে গেল শরীর। নিথর লাশ হয়ে রেললাইনের ধারেই পড়ে রইলেন চার জন। ভয়ঙ্কর ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রামের আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল মন্ত্রক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার কাছেই রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন চারজন। সেই সময় ওই লাইন ধরে ছুটে আসছিল বুড়িমারী স্থলবন্দর থেকে সান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস। একাধিকবার হুঁইসেল বাজিয়েছিলেন ট্রেনের চালক।কিন্তু এতটাই মগ্ন ছিলেন চার জন যে সেই হুঁইসেল কানে যায়নি। চালক ভেবেছিলেন, হুঁইসেল শুনে চার জন সরে যাবেন। কিন্তু তা ঘটেনি। নিমেষেই ট্রেনের চাকায় কাটা পড়েন চার জন। ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা।
খবর পেয়ে ছুটে এসে রেল পুলিশের তরফ থেকে চার জনের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কী কারণে লাইনের ওপর বসেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। নেশাগ্রস্ত ছিল কিনা, তাও পরীক্ষা করে দেখা হবে।