নিজস্ব প্রতিনিধি : মাঝরাস্তায় যাত্রীদের ফেলে পালাল ট্রেনের চালক। ওই ট্রেনে ৫০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। আচমকা ট্রেন থেকে নেমে দৌড় লাগাল লোকো পাইলট। আর তাতেই ভোগান্তিতে পড়লেন যাত্রীগণ। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহে। ওই ট্রেনের যাত্রীরা ইতিমধ্যেই স্টেশন সুপারের কাছে নালিশ জানান। বহু যাত্রী ক্ষোভও দেখাতে থাকে। একপর্যায়ে স্টেশন জুড়ে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বাংলাদেশের মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের পথে রওনা দিয়েছিল ট্রেনটি। ট্রেন ময়মনসিংহে এলে আচমকাই কাউকে কিছু না বলে ট্রেন বন্ধ করে পালিয়ে যান ওই চালক। এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন যাত্রীরা। কিন্তু ট্রেন চালক আর ফিরে আসে নি। পালিয়ে যাওয়া ওই চালকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই রেলওয়ে কতৃপক্ষ তদন্তে নেমেছে। পলাতক চালকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে,মঙ্গলবার(২৮ জানুয়ারি)রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মবিরতিকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। সাধারণ যাত্রীদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এই নিয়ে ভুক্তভোগী এক যাত্রী জানান, ‘ময়মনসিংহ জংশনে আসার পর হাওর এক্সপ্রেস ট্রেনটি আর চলছে না।বিমানবন্দর স্টেশন পর্যন্ত আমার টিকিট। ট্রেন বন্ধ থাকায় বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়েছি।’ অন্য এক যাত্রী জানান, চালক পালিয়ে গিয়ে ফাঁসিয়ে দিয়েছে তাদের। তার আত্মীয় অসুস্থ, চিকিৎসা করানোর জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। মাঝপথে চালক পালিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তিনি।