নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার (৩১ অগস্ট) মেরামতের জন্য ফের দীর্ঘ সময় বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ওইদিন ভোর চারটে থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। ফলে ফের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের। যদিও হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিকল্প রুটের কথা জানানো হয়েছে।
শুক্রবার (২৯ অগস্ট) হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে ‘কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ইস্পাত পোর্টাল বীম বসানো এবং বিদ্যাসাগর সেতু মেরামতি’র কারণে রবিবার যানবাহন চলাচল বন্ধ থাকবে। যার জন্য যাত্রীদের সুবিধার জন্য বিকল্প পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সড়ক ১৬ ধরে কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলাগড়-নিবরা-সলোপ-পাকুরিয়া-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারবেন। ডানকুনি দিক থেকে আসা যানবাহন যারা কলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন। কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চান, তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
পণ্যবাহী যানবাহন ছাড়া কোলাঘাটগামী যানবাহনগুলি কোলাঘাটের দিকে যাওয়ার জন্য কাজীপাড়া- জিটি রোড- ব্যাতাইতলা- আন্দুল রোড- আলমপুর- এনএইচ ১৬- ধুলোগড়- রানীহাটি ব্যবহার করতে পারে। পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহনগুলি হ্যাং সাং ক্রসিং- ডান মোড়- শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- এনএইচ ১৬ – পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইতি পাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতি পাড়া রুট ব্যবহার করতে পারেন। নিবরার দিক থেকে যারা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক তারা জগাছা-মাহিয়ারী রোড ব্যবহার করতে পারেন। কাজিপাড়া/হ্যাংসাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহন গুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে।