নিজস্ব প্রতিনিধি, ওন্দা: উদ্বেগ বাড়িয়ে বাঁকুড়ায় খোঁজ মিলেছে কালাজ্বরের। ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামের এক যুবক কালাজ্বরে আক্রান্ত হয়েছেন। ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় বসানো হয়েছে স্বাস্থ্য শিবির।
জানা গিয়েছে, এক সময় বাঁকুড়ায় কালাজ্বরের প্রাদুর্ভাব ছিল। গত কয়েকবছরে সেই জ্বরের সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। বহুদিন পরে বাঁকুড়াতে ফের মিলেছে আক্রান্তের খবর। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে এক যুবকের লাগাতার জ্বর ছিল। টানা জ্বর থাকায় চিকিৎসককে দেখানর পর তাঁকে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়। জ্বরের জেরে শারীরিক অসুস্থতার জেরে পরের দিন তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানে সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়েছে। ১৪ অগস্ট তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রক্তপরীক্ষার পরে বিভিন্ন রিপোর্ট আসার কালাজ্বর আক্রান্ত হওয়ার কথা জানা যায়। কালাজ্বর পজিটিভ হওয়ায় গত ২০ অগস্ট ওই যুবককে ফের ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সামনে আসতে নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। ওই যুবকের পাথরপুকুর গ্রামে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিকিৎসকরা গিয়েছে। ওই গ্রামের বাসিন্দাদের র্যানডাম কালাজ্বর নির্নয়কারী RK-39 রক্তপরীক্ষা করা হয়।
জানা গিয়েছে, আক্রান্ত যুবক ছাড়া আর কেউ এই রোগ হয়েছে কিনা জানতে পরীক্ষা করা হয়। তবে কারও শরীরেই কালাজ্বরের জীবাণুর উপস্থিতি দেখা যায়নি বলেই জানা গিয়েছে। ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে কালাজ্বরের বাহক স্যন্ড ফ্লাই এর উপস্থিতিরও নমুনা মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সার্ভের কাজ চলছে।