নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের আবেগে শান, ৩২ বছর আগের সেই ঘটনার দিনের AI ভিডিও বানিয়ে প্রচার তৃণমূলের। সালটা ১৯৯২, কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সরকার। রাজীব গান্ধির হত্যাকাণ্ডের পর ফের দেশজুড়ে ভিত শক্ত করছে কংগ্রেস। তখন বাংলায় রাজ করছে বামফ্রন্ট সরকার। ১৯৯১ সালে বিপুল ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসে সিপিআইএম। যদিও তখনও বিরোধীরা আওয়াজ তুলেছিল যে, ভোটে ব্যাপক কারচুপি করে জিতেছে বামফ্রন্ট সরকার। প্রতিটি কেন্দ্রে চলেছে বুথ দখলের লড়াই, চলেছে পরিচয়হীন ছাপ্পা ভোটের কারবার। ঠিক তখনই ‘নো এপিক, নো ভোট’ স্লোগান তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি সেই সময়ে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে ২১ জুলাই মহাকরণ অভিযান ডাকা হয়। সেই অভিযানেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ১৩ জন কংগ্রেস কর্মীকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়, এবং এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে তখনকার সরকারের বিরুদ্ধে।
এও শোনা যায় যে, সেই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের তখনকার তৎকালীন স্বরাষ্ট্র সচিবের নির্দেশে এলোপাথাড়ি গুলি ছোড়ে পুলিশ। কিন্তু কিছু স্থির চিত্র ছাড়া সেই ঘটনার তেমন কোনও ভিডিও রেকর্ড বুকে নেই। কেননা সেই সময় ফোন, সোশ্যাল মিডিয়া কিছুই ছিল না। এবার প্রযুক্তির হাত ধরে সে দিনের ঘটনার একটি AI ভিডিও তৈরি করল তৃণমূল কংগ্রেস। রাত পোহালেই শাসকদলের সর্ববৃহৎ সমাবেশ কলকাতায়। চারিদিকে সাজ সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। ২১ জুলাইয়ের শহিদদের তর্পণ, দলের কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই এ বছর একুশে জুলাই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এদিন শহিদদের শ্রদ্ধার শপথ নেওয়ার দিন।
21st July 1993 exposed the true face of the Left Front Government, a regime so threatened by dissent that it answered democracy with death. Thirteen lives were lost for demanding free and fair elections.
But one woman refused to be silenced. Smt. @MamataOfficial turned grief… pic.twitter.com/VHl99nln0h
— All India Trinamool Congress (@AITCofficial) July 20, 2025
তাই সেই ‘ঐতিহাসিক দিন’-এর আবেগকে সামনে রেখেই প্রচারের জন্যে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র সাহায্যে নিল তৃণমূল কংগ্রেস। ভিডিওটি এখন তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। যেখানে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘অগ্নিকন্যার অগ্নিপথ, বাংলা রক্ষাই তাঁর শপথ। আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং শহিদ তর্পণে সামিল হতে, সকলে ধর্মতলায় সদলবলে আসুন।’ যদিও ২১ জুলাইয়ের একমাস আগে থেকেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে শহিদ সমাবেশের প্রস্তুতি সভা হয়েছে। সমাজমাধ্যমেও সমান তালে প্রচার চলেছে। তবে, এবার AI দিয়ে বানানো এই ভিডিও প্রচারে নতুনত্ব যোগ করেছে। ২১ জুলাইয়ের আবেগে মিশে রয়েছে প্রদেশ কংগ্রেসও।