নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই ধর্মতলা সভাস্থলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল কর্মীদের গাড়ি। রবিবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় দুর্ঘটনা ঘটে। আচমকাই ক্যানিংয়ের কালীকাতলা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় তৃণমূল সমর্থকদের গাড়ি। এরফলে জখম হন গাড়ি চালক-সহ যাত্রীরা। তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়েছেন ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, কলকাতার ধর্মতলায় সভাস্থলে যেতে একটি গাড়িতে করে বেরিয়েছিলেন বেশ কয়েক জন তৃণমূল কর্মীরা। আর সেই সভাস্থলে যাওয়ার আগেই দুর্ঘটনার কবলে পড়ল তাদের গাড়ি। কী করে দুর্ঘটনা ঘটল তা এখন সুস্পষ্ট নয়।
উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই শহিদ দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর। তারমধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। আর সেই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাস্তায় রাস্তায় ভিড় কর্মী এবং সমর্থকদের। দলে দলে তাঁরা ধর্মতলার দিকে যেতে শুরু করেছেন। ইতিমধ্যেই শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিচ্ছেন। এই আবহে দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল সমর্থকদের গাড়ি।