নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে ওঠা ঢাকায় এশিয়া কাপ নিয়ে ডাকা বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা মহসীন নকভিকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে তিন বোর্ড। ফলে এশিয়া কাপ আয়োজন ঘোর অনিশ্চিয়তার মধ্যে পড়ে গেল। যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর বসার কথা ভারতে। ওই আসর নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৪ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ডেকেছেন সংস্থার সভাপতি মহসিন নকভি। মূলত বাংলাদেশি মৌলবাদীদের খুশি করতেই ওই বৈঠক ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের মন্ত্রী মশায়। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় বৈঠকে যেতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। নিরাপত্তার অভাবের কারণে অগস্টে ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সপরও বাতিল করেছেন। ঢাকার পরিবর্তে অন্য কোনও দেশে ওই বৈঠক আয়োজনের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বময় কর্তা মহসিন নকভিকে অনুরোধ জানিয়েছিলেন বিসিআইয়ের কর্তারা। কিন্তু তাতে লাভ হয়নি। ঢাকায় বৈঠকের বিষয়ে গোঁ ধরে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা। আর তাতেই চটেছেন বিসিসিআইয়ের কর্তারা। ঢাকায় এসিসি’র বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিসিসিআইয়ের কর্তাদের সিদ্ধান্ত জানার পরে ঢাকার বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে বেঁকে বসেছেন শ্রীলঙ্কা, ওমান ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের কর্তারা। রাজনৈতিক ও কূটনৈতিক কারণ দেখিয়ে এই দেশগুলো সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।