নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শহর কলকাতার আরো একটি কলেজের হস্টেলে যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠানেরই এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।শুক্রবার রাতে জোকার আইআইএম বয়েজ হস্টেলে এক তরুণীতে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম-র ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ। অভিযুক্ত আইআইএম-র দ্বিতীয় বর্ষের ছাত্র সে। কাউন্সেলিং এর বিষয়ে পরামর্শ নিতে বয়েজ হস্টেলে তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার। সেখানেই তাকে কিছু খেতে দেওয়া হয়। তারপরেই কোনো জ্ঞান ছিল না ওই নির্যাতিতার। তিনি আরো জানিয়েছেন, আচ্ছন্ন অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করায়, তাঁকে মারধরও করা হয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হস্টেলেই দেখতে পান তিনি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে যান, পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যাম্পাসে ঢোকার সময় রেজিস্টার খাতায় তাঁকে সইও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
অভিযোগ পাওয়ার পর এই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। অভিযোগ থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তরুনীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। জানা গিয়েছে রাতে নিরাপত্তা রক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলেছে হলে। কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করা হয়েছে।