নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ : বাড়ির উঠোনে ফুলের মালা দেওয়া তরুণীর ছবি ঘিরে শ্রাদ্ধানুষ্ঠান। পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠান করেছেন তরুণীর পরিবারের সদস্যরা। এই দৃশ্য দেখলে চোখে জল আসতে বাধ্য। কিন্তু এই ঘটনার পিছনে রয়েছে আরো দুঃখজনক ঘটনা। ভালবেসে বাড়ির অমতে ভিন ধর্মে বিয়ে করেছিলেন প্রথম বর্ষের ছাত্রী। বাড়ির মেয়ের এই বিয়ে মেনে নিতে পারেননি পরিবারের সদস্যরা। তাই রীতি নীতি মেনে বাড়ির মেয়ে শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা।
ভিন ধর্ম, ভিন জাতে বিয়ে করলে এখনও বহু পরিবার মেনে নিতে পারে না। কোথাও কোথাও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে দেখা গেল মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের ছবি। কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ায় বাসিন্দা ওই তরুণী। ভালবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন তিনি। কোনওভাবেই এটি মেনে নিতে পারেনি পরিবার।
তরুণীর বাবা ইজরায়েলে কর্মরত। বাড়ি থাকেন না। বাড়িতে রয়েছেন তরুণীর মা, কাকা সহ অন্যান্য়রা। মেয়ের এই কাজে ভেঙে পড়েছেন পরিবারের সকলেই । সূত্রের খবর, এর আগেও বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ওই তরুণী। তখন তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু ফের সে চলে যায়। বিয়েও করে ভিন ধর্মের তরুণকে। তারপরেই মেয়েকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধ করল পরিবার।
এখানেই শেষ নয়, রুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। এক কথায় মেয়েকেই জীবন ও মন থেকে পুরোপুরি মুছে ফেলতেই এই ধরনের কাজ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, পরিবারের সম্মানের কথা না ভেবে নিজের কথাই ভেবেছে ওই তরুণী। তাই সে পরিবারের কাছে মৃত। প্রতিবেশীদের কেউ কেউ ওই পরিবারের পাশে থাকলেও, পছন্দের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ অনেকেই মেনে নিতে পারেননি।