নিজস্ব প্রতিনিধি,ধাত্রীগ্রাম: পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের তাঁতকাপড় হাটে ওয়ারহাউস শনিবার পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের তন্তুজের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ(Minister Swapan Debnath)। শনিবার ধাত্রীগ্রাম(Dhatrigram) তাঁত কাপড় হাটে ওয়্যারহাউস পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় ও পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল। তন্তুজের এমডি (MD) ঘোষণা করেন তাঁতিদের পুজোর উপহার হিসেবে তাদের কাছ থেকে পুজোর আগে ১ কোটি টাকার কাপড় কিনবে তন্তুজ। এর ফলে তাঁতি এবং তাঁত শিল্প সরাসরি লাভবান হবে।
গোটা রাজ্যে ছ’টি জায়গা থেকে এক কোটি টাকার কাপড় তাঁতিদের কাছ থেকে কেনা হবে। চাহিদা অনুযায়ী তাঁতিদের কাপড় দিতে হবে। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন ধাত্রীগ্রামে একটি ওয়ার হাউস রয়েছে। তন্তুজের যে ৬৪ টি শোরুম রয়েছে গোটা রাজ্যে সেখানে হস্ত চালিত তাঁতিদের থেকে কেনা কাপড় গুলো বিক্রি করা হবে। গুণগতমান বিচার করে কাপড় কেনা হবে। তা দেখতেই শনিবার ওয়ার হাউস পরিদর্শনে আসেন এমডি রবীন্দ্রনাথ রায়। সেখান থেকে মন্ত্রী স্বপন দেবনাথ প্রয়োজনীয় নির্দেশ দেন তার বিভাগের অফিসারদের। ওয়্যার হাউস টি ঘুরে দেখা হয়। পুজোর সময় বাংলার মানুষকে তাঁতের শাড়ি উপহার দিতে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করছে তন্তুজ।
চড়া দামে নয়, বাজারের সঙ্গে প্রতিযোগিতা রেখে কম দামে বাংলার মানুষকে বাংলার শিল্প তথা তাঁত শিল্পকে বাঁচাতে বাংলার শাড়ি কম দামে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে তন্তুজ। অবশ্য তার মধ্যে থাকছে বাঙালি কারুকার্য ও চিত্রকলা। যা কিনা এই বাংলা তাঁত শিল্পে সৃষ্টি। বিদেশি পোশাক বা অন্যান্য নজরদারি পোশাক থেকে বাংলার মেয়েদের শাড়ির প্রতি আগ্রহ বাড়াতে তন্তুজ পূজোর সময় শোরুম গুলিতে তাঁতিদের হাতে বোনা শাড়ির সম্ভার হাজির করতে চাইছে। যাতে বাংলার শিল্প ঘুরে দাঁড়াতে পারে। তবে তাতে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে শাড়ির শিল্পকলা ও মানকে। তার প্রস্তুতি শুরু এখন থেকে।