নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে ফের অভিমান ঝরে পড়ল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়।
মোদি সফরে ডাক পাননি তিনি। অমিত শাহের সফরেও ব্রাত্য দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, বড় নেতারা না ডাকলে তিনি যান না। বড় নেতাদের একটা মানসম্মান রয়েছে। বড়া নেতারা যাঁদের ডাকেন, তাঁরাই হাজির হন। তাঁর যাওয়ার প্রয়োজন হয়না। যদি প্রয়োজন হয়, তবেই তাঁর ডাক পড়ে। নেতারা যা নির্দেশ দেন, সেটাই পালন করেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকাকালীন যখনই অমিত শাহ বা বিজেপির বড় নেতৃত্ব কলকাতায় এসেছেন তখন সঙ্গে থাকতেন দিলীপ ঘোষ। শনিবার কলকাতায় এসে ওয়েস্টিনে উঠবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় এলে এই হোটেলেই থাকেন তিনি। দিলীপ ঘোষের বাড়ির খুব কাছেই এই হোটেল। আগে সব সময় তাঁকে দেখা যেত শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, সর্বভারতীয় সভাপতি ছিলেন বলে তাঁকে থাকতে হত। শাহ এলে স্বাগত জানাতেন, সঙ্গে থাকতেন। এখন অন্যরা সেইসব দায়িত্ব সামলায়। কার্যকর্তাদের সঙ্গেই থাকেন আজকাল।
অভিমান হওয়া নিয়ে তিনি বলেছেন, বিজেপির একটা শৃঙ্খলা আছে। কোনও প্রোগ্রামে কাউকে যেতে বলা হলে কর্মীরা সেখানেই যান। কোন নেতা কোথায় যাবে সেটা দল ঠিক করে। তিনি দলের কথা মেনে চলেন। প্রধানমন্ত্রীর সভায় ডাক না পেয়ে তিনি বলেছিলেন, ওই সভা উত্তরবঙ্গে হচ্ছে। সেখানে উত্তরবঙ্গের সবাই হাজির থাকবে। প্রধানমন্ত্রী কলাকাতায় এলে তিনি যাবেন।
কুকথা বলা নিয়ে তাঁর বক্তব্য, তিনি মজা করতেন। ব্যক্তিগত ভাবে কাউকে কোনোদিন আক্রমণ করেননি। প্রশাসনের কাউকে ছোট করেননি। শৃঙ্খলার বাইরে কোনোদিন যাননি। কেউ বিনা কারণে কিছু বললে তার প্রতিবাদ করার অধিকার থেকেই যা বলার বলেছেন।