নিজস্ব প্রতিনিধি: ফিটনেসের দিক দিয়ে, বলিউডের নবীন থেকে প্রবীণ সকল তারকারাই তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তার প্রকৃত উদাহরণ অমিতাভ বচ্চন। ৮২ বছর বয়সেও একইভাবে রাজত্ব করে চলেছেন বলিউডে। এ বয়সে অ্যাকশনেও দারুণ পটু তিনি। যা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্যে যথেষ্ঠ। পাশাপাশি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রও রয়েছেন। বর্তমানে তাঁর ৮৯ বছর। তবুও ফিটনেসের দিক দিয়ে কারো থেকে কোনও অংশে কম নন তিনি। নিজেকে সুস্থ রাখার জন্যে এই বয়সেও নানারকমভাবে শরীরচর্চা করছেন তিনি। যা ভক্তদের অনুপ্রাণিত করছে প্রতিনিয়ত।
দিন কয়েক আগেই এক চোখে ব্যান্ডেজ নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ধর্মেন্দ্রকে। ওই অবস্থাতেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেই সময়ে তাঁর সঙ্গে ছেলে, স্ত্রী কেউই ছিল না। তবুও তাঁর একা চলার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। ৮৯ বয়সে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। সাঁতার কাটছেন। তাঁর ইনস্টাগ্রাম ঘুরে আসলেই ওয়ার্কআউট থেকে শুরু করে সাঁতার কাটার একাধিক ছবি-ভিডিও দেখা যাবে। সম্প্রতি তিনি সুইমিং পুলে ওয়ার্কআউট করার একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে অভিনেতাকে একটি টি শার্ট এবং টুপি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। দেখা যাচ্ছে, তিনি একটি জলের পাইপ নিয়ে পুলে ভাসছেন। তাঁর হাতে একটি বলও রয়েছে। যা দিয়ে তিনি হাতের ব্যায়াম করছেন।
অভিনেতাকে পুলে তাঁর শরীর নড়াচড়া করতে বলছেন তাঁর প্রশিক্ষক। ব্যায়াম করতে বলছেন। আরেকটি ভিডিওতে অভিনেতাকে তাঁর প্রশিক্ষকের সাহায্যে পায়ের ব্যায়াম করতে দেখা যাচ্ছে। ধর্মেন্দ্রর এই ভিডিওটির দ্বারা নেটিজেনরা অনুপ্রাণিত হচ্ছেন। একজন লিখেছেন, ‘ধর্মেন্দ্র স্যারের নিষ্ঠার প্রতি আমি শ্রদ্ধা জানাই।’ এই ভিডিওতে অভিনেতার চার সন্তানও প্রতিক্রিয়া জানিয়েছেন। কমেন্টে ববা দেওয়াল একটি হাত জোর করে ইমোজি শেয়ার করেছেন। মেয়ে এশাও মন্তব্য করেছেন। ভক্তরাও অভিনেতার উপর ভালবাসা বর্ষণ করেছেন। কাজের ফ্রন্টে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল, ‘তেরি বাতো মে এইসি উলঝা জিয়া’ ছবিতে। তাঁকে পরবর্তীতে ইক্কিস সিনেমায় দেখা যাবে। যেখানে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও অভিনয় করছেন।