আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন বহু মানুষেরই রক্ত জল করে দিয়েছে। বলা হয়েছে, ৯ বছর বয়সী এক অস্ট্রেলিয় নাবালিকাকে মশা কামড়ে দেওয়ার পর শিশুটি আর হাঁটতে পারছিল না। বেশ কিছুদিন এই জন্য তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল। নিউ সাউথ ওয়েলসের ব্যালিনায় পারিবারিক ক্যাম্পিং ভ্রমণের সময় এই ঘটনাটি ঘটে। ৯ বছর বয়সী আভাকে ক্যাম্পসাইটে মশা কামড়ে দেয়।
তার মা বেক বলেন, “বাচ্চাদের তো আগেও মশা কামড়িয়েছে। কোনও জটিলতা ছাড়াই তা আবার সেরেও গিয়েছে। আমি জ্বলুনি কমানোর জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল মসক্যুইটো ক্রিম লাগিয়েছিলেন। তবে কাজ কিছুই হয়নি।”
দু’তিন দিন পর হয় আরও সমস্যা। শিশুটির মায়ের কথায়, “চতুর্থ দিনে জ্বলুনি দ্বিগুণ আকার ধারণ করে। জায়গাটা শক্ত এবং লাল হয়ে যায়। আভা জানায় তার ব্যথা করতে শুরু করেছে।”
বেক তারপর একটি অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যাকট্রোবান ব্যবহার করেন এই আশা নিয়ে যে এবার মেয়ে স্বস্তি পাবে। কিন্তু পঞ্চম দিনে, প্রচণ্ড ঝোড়ো আবহাওয়ার কারণে আভাদের পরিবার যখন ব্যালিনা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ৯ বছরের নাবালিকাটির অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। রাতারাতি কামড়ের আকার তিনগুণ বেড়ে যায়। আভা কিছুতেই হাঁটতে পারছিল না।
অনলাইনে একজন নার্সের সাথে যোগাযোগ করে আভাকে নিয়ে যাওয়া হয় কফস হারবারের একটি হাসপাতালে। আভার কামড় দেখে চিকিৎসকরাও অবাক হয়ে যান। মশাটা কামড়েছিল হাঁটুর পিছনে যেখানে জয়েন্ট থাকে। সেই জয়েন্টেই সংক্রমণ হয়।
তারপর পরীক্ষা নিরীক্ষার পর আভার স্ট্যাফ সংক্রমণ ধরা পড়ে এবং তাকে তিন দিনের জন্য হাসপাতালে অ্যান্টিবায়োটিকের একটি আইভি ড্রিপ দেওয়া হয়।
অ্যাভা’র উপর ব্যবহৃত প্রথম দফার অ্যান্টিবায়োটিক স্ট্যাফের চিকিৎসায় মোটেও কার্যকর ছিল না। তাছাড়া, পরীক্ষায় দেখা গেছে যে তার MRSA আছে, যা এই রোগের একটি বিরল, প্রতিরোধী স্ট্রেন। আভার মা বলেছেন, “সংক্রমণ উরুর উপরে ছড়িয়ে পড়েছিল। ত্বক লাল এবং গরম হয়ে লিম্ফ নোড ফুলে গিয়েছিল।”
ডাক্তাররা বলেছিলেন যে আমরা আমাদের ত্বকে স্ট্যাফ বহন করি। তবে একবার খোলা ঘায়ের মধ্য দিয়ে এটি আমাদের রক্তপ্রবাহে প্রবেশ করলে, তা বের করা কঠিন। বর্তমানে আভার ক্ষত সেরে গিয়েছে। কিন্তু শিশুটির স্টাফ সংক্রমণের শারীরিক এবং মানসিক ক্ষত রয়ে গিয়েছে।