নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে মন্দিরের দরজা না খোলার অভিযোগে পুরোহিতকে বেধড়ক মারধরের করেন বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেওসের চামুণ্ডা দেবী মন্দিরে।
জানা গিয়েছে, বিজেপি (BJP) বিধায়ক গোলু শুক্লার ছেলের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর(FIR) দায়ের হয়েছে। তবে তাতে অভিযুক্ত রুদ্রাক্ষ শুক্লার নাম নেই।
সূত্রের মারফৎ খবর, বিশাল কনভয় নিয়ে রুদ্রাক্ষ তাঁর দল রাত ১২.৪৫ নাগাদ মন্দিরে হাজির হন। কিন্তু সেই সময় মন্দিরের সম্পূর্ণ তালা দেওয়া থাকে। অভিযোগ, তালা খোলার জন্য পুরোহিত উপদেশ নাথকে হুমকি দেন রুদ্রাক্ষর ডানহাত জিতেন্দ্র রঘুবংশী। রাজি হননি পুরোহিত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, রাতে তালা খোলার নিয়ম নেই।
পুরোহিতের এই কথায় যেন জ্বলে উঠে তাঁরা। শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। দায়ের হয়েছে এফআইআরও। মন্দিরের পুরোহিত উপদেশ নাথের অভিযোগ, রাতেই এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘এটা ঘরোয়ো ব্যাপার।’ তবে পুরোহিত সাফ জানিয়ে দেন, ‘আমি আপোষ করব না।’
বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে মধ্যপ্রদেশ পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ‘তদন্ত চলছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য় প্রমাণ খতিয়ে দেখে ব্য়বস্থা নেওয়া হবে।’ পাশাপাশি তিনি আরও বলেছেন, জিতেন্দ্র রঘুবংশীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।