নিজস্ব প্রতিনিধি : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি চার চাকার গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেটি। দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রেজিনগর এলাকায় রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়ে পাটখালি করছিল। সেই সময় আচমকাই দ্রুত গতিতে একটি গাড়ি এগিয়ে আসে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বা দিক থেকে ডানদিকে দাঁড়িয়ে থাকা লরির সামনে এসে একেবারে মুখোমুখি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই দুমড়ে মুছড়ে যায় চারচাকা গাড়িটি। গাড়িটি ধাক্কা মারার সময় লরির চা্লক-খালাসি সহ বেশ কয়েকজন ছিল। তাঁরাই ছুটে যায় গাড়িটির কাছে। গাড়ির ভিতরে থাকা চালক গুরুতর জখম হয়েছেন দেখতে পান তাঁরা। এরপর তাঁরাই কোনও রকমে গাড়ির ধরজা খুলে বের করেন ওই চালককে। ওই রক্তাক্ত অবস্থায় গাড়ি চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তাঁরা। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে স্থানীয়রাই খবর দিয়েছে রেজিনগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেজিনগর থানার পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ ঘাতক গাড়িটিকে আটক করেছে।
সকালের দিকে ঘটনাটি ঘটায় ওই রাস্তায় খুব বেশি লোকজন ছিল না। নাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছে পুলিশ।
কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো, গাড়িটিতে কোনও সমস্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গাড়ির চালক মদ্যপ ছিল কিনা তা জানা যায়নি। গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।