নিজস্ব প্রতিনিধি : ফের বেপরোয়া গতি সল্টলেকের রাস্তায়। বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম ডেলিভারি বয়। সল্টলেকে বেপরোয়া গাড়ির গতির জেরে দুদিন আগেই মৃত্যু হয়েছিল এক ডেলিভারি বয়ের। এবার ফের সেই একই ঘটনা সল্টলেকের সিটি সেন্টারে।
জানা গিয়েছে, সিটি সেন্টারের কাছে ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা মারে একটি ৪ চাকার গাড়ি। স্কুটির চালক ছিটকে পড়ে যান। স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক নিজেই গাড়ি থেকে নেমে জখম যুবককে মারধর করতে থাকে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। জখম ডেলিভারি বয় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সিটি সেন্টার ওয়ান আইল্যান্ড থেকে রামকৃষ্ণ আইল্যান্ডের দিকে যাচ্ছিল গাড়িটি। তাঁর সামনে স্কুটি ছিল। গাড়ির গতি অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটিকে ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়েন ডেলিভারি বয়। গাড়ির গতিবেগ বেশি ছিল অনেকটাই। তার প্রমাণ হিসেবে দেখা গিয়েছে গাড়ির সামনের ও পিছনের এয়ারব্যাগ খুলে গিয়েছে। গত বুধবারের ঘটনায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গত বুধবার সল্টলেকে চারচাকার ধাক্কায় ঝলসে মৃত্যু হয়েছে এক ডেলিভারি বয়ের। ঘটনাস্থল পরিদর্শন করে ফরেন্সিকের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।