নিজস্ব প্রতিনিধিঃ শেখার কোন বয়স নেই। একথা মুখে বলা যত সহজ, কাজে করা ততটাই কঠিন। অল্প মানুষই তা করতে পারেন । আর এবার ৬৩ বছর বয়সে পৌঁছে বাংলায় এমএ করে নজির গড়লেন নদিয়ার শান্তিপুরের লক্ষ্মীনাথপুর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রামাণিক। জানা গিয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তিনি এমএ পাশ করেছেন ।
জানা যায়, ১৯৭৮ সালের বন্যায় বাড়িঘর ডুবে গিয়েছিল বিশ্বনাথ বাবুর । সেইজন্য মাধ্যমিক পরীক্ষা তিনি দিতে পারেননি । পরিবারের আর্থিক অনটন থাকায় বাবার সঙ্গে চাষের কাজে তাঁকে নামতে হয়েছিল। কিন্তু কিশোর বয়স থেকেই পড়ার ইচ্ছেটাকে জিইয়ে রেখেছিলেন বিশ্বনাথ বাবু। সেই জন্য ২০১৬ সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ধীরে ধীরে উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করে এমএতে ভর্তি হন।
বিশ্বনাথ বাবু জানিয়েছেন, ‘ নেতাজি ওপেন ইউনিভার্সিটি এমএ পাশ করি । দিন ১৫ আগে অনলাইনে পরীক্ষার ফল জানতে পেরেছি। এরপর পিএচডি করার ইচ্ছে রয়েছে।’ সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন,’ চাকরি নয় চান গ্রামের আগ্রহী অথচ অভাবী পড়ুয়াদের পড়াতে। সেইজন্য পড়াশোনা করতে চাই ।’ এই প্রসঙ্গে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কো-অর্ডিনেটর জানিয়েছেন,’ ৬৩ বছর বয়সে চাকরি পাবেন না জেনেও পরীক্ষায় বসেছিলেন বিশ্বনাথ বাবু । উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন। পড়াশোনার জন্য তাঁর অগাধ ভালবাসা না-থাকলে এটা অসম্ভব।’