নিজস্ব প্রতিনিধি : তৃণমূল নেতাকে পিটিয়ে খুন। ফের উত্তপ্ত বীরভূম।একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কাঁকড়তলা থানার বড়রা গ্রামে।পিটিয়ে মারার ফলেই শনিবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল।ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।এই মর্মান্তিক ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।বড়রা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।চারিদিকে নজর রাখা হচ্ছে।
এই নিয়ে কাঁকড়তলা পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি।সেই সময় আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। নিয়ামুলকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রড-সহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয়।পাথর দিয়ে নিয়ামুলের মাথা থেঁতলে দেওয়া হয়।ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে নিয়ামুল। এরপরই জ্ঞান হারান।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকড়তলা থানার বিশাল পুলিশ বাহিনী। নিয়ামুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় নিয়ামুলের।
মৃত শেখ নিয়ামুলের পরিবারের অভিযোগ,নিয়ামুলকে খুন করা হয়েছে।তাঁরা তৃণমূলের ঊজ্জ্বল কাদেরির সঙ্গে থাকেন।সেই আক্রোশে কালো গোষ্ঠী নিয়ামুলকে আক্রমণ করে।কালোর বাড়ির সামনে একটি লোহার আড়তের কাছেই তাকে খুনের চেষ্টা করা হয়। অভিযুক্ত গোষ্ঠী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল বলেও দাবি করেছেন মৃতের দাদা এনামুল।পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।