নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ধর্মতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি খাবারের দোকানে হঠাৎ আগুন লেগেছে বলে খবর। ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । ঘটনাস্থলে রয়েছে দমকলের পাঁচ থেকে ছয়টি ইঞ্জিন । জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ । তবে স্বস্তির বিষয় এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
জানা গিয়েছে, নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে প্রথম আগুন লেগেছিল। তবে ঘিঞ্জি এলাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । বলা বাহুল্য , সকালের দিকে অনেক দোকানই বন্ধ ধর্মতলায়। তাই কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি । এই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।
উল্লেখ্য, ধর্মতলা অত্যন্ত জনবহুল এলাকা। তাই সেখানে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা । তবে শেষ পাওয়া খবর অনুসারে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে । আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে দমকল বাহিনী । বলা বাহুল্য, কয়েকদিন আগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । পরপর শহরে আগুন লাগায় আতঙ্কিত আমজনতারা।