নিজস্ব প্রতিনিধি : ঘাসের উপরে পড়ে আছে মাথার খুলি। সেই কঙ্কালের খুলি নিয়ে খেলা করছে কুকুর। এমন হাড়হিম ঘটনা ঘটল মধ্যপ্রদেশের জবলপুরে। এই খুলি ভয়ঙ্কর এই দৃশ্য দেখে হতবাক নেটপাড়া। এই খুলি কোন প্রাপ্ত বয়স্কের নয়, বরং একটি শিশুর। তা নিয়ে শোরগোল শুরু এলাকায়। ঘটনাটি ঘটেছে জবলপুরের নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিকেল হাসপাতালের কাছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানার চেষ্টা করছে এখানে শিশুর মাথার খুলি কীভাবে এল। এই শিশুর পরিচয় জানতে মেডিকেল টেস্টও শুরু হয়েছে। এই মেডিকেল হোস্টেলের পেছনের পুকুরে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল কিনা তা নিয়েও অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘাসের উপর পড়ে আছে একটি শিশুর মাথার খুলি। তা মুখে করে তুলে নিয়েছে একটি কুকুর। আশপাশেও আরও কুকর রয়েছে। মুখে তুলে নিয়ে ওই কুকুরটি মার দৌড়..। তা দেখে তাজ্জব হয়েছেন নেট নাগরিকরা। তাঁদের দাবি এখানে শিশুর খুলি কীভাবে এল তা তদন্ত করে দেখা হোক। এমন হাড়হিম দৃশ্যে আতঙ্কে বাসিন্দারা।
যদিও ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পরিচ্ছন্নতা কর্মীরা হোস্টেলের পিছনে মাথার খুলিটি পুঁতে রেখেছিল। কিন্তু পরে এটি কোন কারণে মাটি থেকে বেরিয়ে এসেছিল। আর তাতেই কুকুরগুলি খুঁজে পেয়েছিল ওই মাথাক খুলি। ইতিমধ্যেই মাথার খুলির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।