নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এখন খুবই জনপ্রিয়। এই আবহে এবার এআই নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান থেকে তিনি ঘোষণা করলেন ,’ এবার থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে AI।’
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান,’ মনে রাখবেন যুগের পরিবর্তন এসেছে। তাই নতুন বিষয় AI খুব প্রয়োজন। সেটা এখানে হচ্ছে। ধরুন আপনারা আমার ছবি দেখবেন , আমার গলা শুনবেন ওটা আমার নয় । এটা হল কৃত্তিম বুদ্ধিমত্তা । তাই এবার থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে এআই ।‘ এখান থেকেই স্পষ্ট যে এবার রাজ্যের স্কুল গুলিতে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে পড়ুয়াদের পড়াশোনা করানো হবে।
মমতা এদিন আরও বলেন ,’কলকাতায় এখন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। জেলায় জেলায় নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ জনের চাকরি হয়েছে এবং সেইসঙ্গে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতরা চাকরি পাচ্ছেন। স্কিল ডেভেলপমেন্টে রাজ্য শীর্ষ স্থানে রয়েছে । ৮৯ লক্ষ কন্যাশ্রী পড়ুয়া রাজ্যে কন্যাশ্রী পেয়েছে । চাই কন্যাশ্রী ১ কোটি ছাড়িয়ে যাক। সেবাই আমাদের ধর্ম।’ উল্লেখ্য, স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান বুধবার আয়োজিত হল ধনধান্য প্রেক্ষাগৃহে। আর সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ রয়েছেন দেব, সায়নি ঘোষ, অদিতি মুন্সি, ব্রাত্য বসু, সায়ন্তিকা, রচনা সহ একাধিক নেতা- নেত্রীরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।